মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও তিনি যেন অপ্রতিরোধ্য। মন্দ কাজের জন্য তিরস্কার না পেয়ে বরং পেয়েছেন আরেকটি উপজেলার দায়িত্ব পালনের পুরস্কার।
জানা গেছে, ২০০৮ সালে মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৬ বছর ধরে মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাকে মতলব দক্ষিণসহ দুই উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন ১০২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা।
উপজেলার কয়েকটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক জানান, একসময় মতলবের এমপি এবং আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তখন আশরাফুল আলম হয়ে ওঠেন বেপরোয়া। ফলে আশরাফুল আলম নিয়োগ বাণিজ্য, এমপিও এবং উন্নয়ন খাতে কাজ করার জন্য নিয়মবহির্ভূতভাবে শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় না করে ফাইল এগোয় না বলে অভিযোগ রয়েছে।
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে আশরাফুল আলম মুঠোফোনে বলেন, ‘ভাই, কাজ করতে গেলে ভুল-ত্রুটি থাকতেই পারে।’
এ বিষয়ে কথা হলে চাঁদপুরের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, ‘তার বিষয়ে এত অভিযোগের কথা তো আমি জানি না। তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’