মো.আল আমিন দেবিদ্বার( কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার যেকোনো অপচেষ্টা রুখতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে।
বুধবার বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নবগঠিত কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে সরকারের মধ্যে সংস্কারবিমুখতার প্রবণতা স্পষ্ট। বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যকারিতা থেকে পিছিয়ে পড়ছে।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশে যদি আবারও বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠার কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে জাতীয় ছাত্রশক্তিকে আপসহীন অবস্থান নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও গঠনমূলক একাডেমিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; এটি একটি বড় দায়িত্ব। পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি মাধ্যম।”
সভায় তিনি গ্রুপিং রাজনীতি, কোরামবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ছাত্রশক্তির কার্যক্রম হবে সম্পূর্ণ শিক্ষাবান্ধব ও নৈতিকতাভিত্তিক। বিতর্ক, সভা-সেমিনার ও বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন কুরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা ও ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে হবে।
তিনি আরও জানান, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যও সাংগঠনিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, জেলা যুবশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদা সুলতানা, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসিফ মোহাইমেন, মূখ্য সংগঠক কাজী মিজানুর রহমান ও রাকিবুল ইসলাম হৃদয় প্রমুখ।
সভা শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগ নেতৃত্বের মাধ্যমে উপস্থাপন করা হলে তা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হবে।