মাগুরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সফল অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, ককটেল এবং দেশীয় অস্ত্রসহ এক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)এর একটি চৌকস আভিযানিক দল মাগুরা জেলার সদর থানাধীন রাউতড়া গ্রামস্থ গীরিদারি আশ্রমের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ নাইম (৩৫)নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। ধৃত নাইম মাগুরা সদর থানার রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে আসামির কাছ থেকে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪টি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করেছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনেএকটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, "র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র্যাবের এই জিরো টলারেন্স নীতি এবং চলমান চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ র্যাবের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।