মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম
কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ধরলা ব্রিজের পূর্বপাড়ের আরাজি মৌজায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শতাধিক বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি ও হাজারো মানুষের বসবাস হুমকির মুখে পড়বে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি ইতিবাচক উদ্যোগ হলেও জনবসতি ও আবাদি জমি ধ্বংস করে তা বাস্তবায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দাবি জানান, এমন স্থানে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হোক যেখানে অনাবাদি বা পতিত জমি রয়েছে এবং সাধারণ মানুষ উচ্ছেদের শিকার হবে না।
বক্তারা আরও জানান, আরাজি ভোগডাঙ্গা মৌজার অধিকাংশ জমির এসএ, সিএস ও আরএস রেকর্ড বিদ্যমান রয়েছে। কিছু জমির আরএস রেকর্ড নিয়ে জটিলতা থাকলেও বিষয়গুলো আদালতে বিচারাধীন। নদীভাঙনের কারণে অতীতে অনেক পরিবার জমির রেকর্ড হালনাগাদ করতে পারেনি বলেও উল্লেখ করেন তারা।
মানববন্ধনে আব্দুল কাদের জিলানী বলেন, নদীভাঙনের সঙ্গে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা এই বসতভিটা রক্ষা করেছেন। এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে যদি সেই শেষ সম্বল কেড়ে নেওয়া হয়, তাহলে আমরা নিঃস্ব হয়ে পড়বো। তাই বিকল্প স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছি।
এর আগে সকাল ৯টা থেকে আরাজি ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় মানববন্ধনে মিলিত হয়।