মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম
মঙ্গলবার (২৬ মে ২০২৬) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ বাজারের কেন্দ্রবিন্দু ও নুনখাওয়ার প্রবেশপথে দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটিতে পানি জমে থাকায় পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যেত। ফলে বাজারে আসা সাধারণ মানুষকে কাদা ও পানির মধ্য দিয়েই চলাচল করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
বিষয়টি নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম মহিবুল হক খোকনের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত নিজ উদ্যোগে সমস্যার সমাধানে এগিয়ে আসেন। এলাকাবাসীর চলাচল স্বাভাবিক রাখতে তিনি রাস্তার বিভিন্ন অংশে বালু, সুরকি ও রাবিশ ফেলার ব্যবস্থা করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে তারা চরম দুর্ভোগে ছিলেন। সাবেক চেয়ারম্যানের এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়নেরও দাবি জানান।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, জনপ্রতিনিধিদের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।