মোঃ নাসিরউদ্দিন, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভায়া লক্ষীপুর মাদ্রাসা সংলগ্ন জমিতে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়াই পুকুর খনন করে মাটি বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে অবৈধ কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ঘটনাস্থলে থাকা দুইটি এক্সকাভেটর (ভেকু) মেশিন অকেজো করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খনন এবং মাটি বিক্রির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এছাড়া জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।