এস,কে, রাজু আহম্মেদ| ক্রাইম রিপোর্টার | খুলনা জেলা
খুলনা নগরীর খালিশপুরে পরিকল্পিত হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নয়াবাটি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত সোনামিয়া (৩৮) ওই এলাকার বাসিন্দা। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন। তার পিতা জব্বার সরদার।
পুলিশ জানায়, রাতের দিকে নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন সোনামিয়া। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত হঠাৎ দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা পিছু নিয়ে সেখানে ঢুকে আবারও তাকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুজন মুখোশ (মাস্ক) পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত ছিল। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।