মো.আল আমিন, কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খোরশেদ আলমের অপসারণের দাবিতে এবং ব্যাংকটিকে পুনঃদখলের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে এক ঘণ্টার কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ, দেবিদ্বার উপজেলা।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দেবিদ্বার উপজেলা উপশাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. শরিফুল ইসলাম সরকার, সদস্য মাওলানা রুহুল আমিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, মো. বিল্লাল হোসেন ও জসিম উদ্দিন পাঠানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তির সহযোগী ও মানি লন্ডারিংয়ের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত খোরশেদ আলমকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহাল এবং এএমডি কামাল উদ্দিন এস-এর অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক সংশ্লিষ্ট অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পাশাপাশি এস. আলমের বিচার নিশ্চিত করে আত্মসাৎকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালক নিয়োগ, জনবল ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীন অডিট ও তদারকি ব্যবস্থা জোরদারের দাবি জানান।
তাদের মতে, ব্যাংকিং খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাহকদের হারানো আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং দেশের আর্থিক খাত আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।