বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ম্যাচিং গ্রান্ট ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের ফলো-আপ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ২টায় উপজেলা অডিটোরিয়াম হলে কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় চন্দনাইশ নারী উদ্যোক্তা ফাউন্ডেশনসহ প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালাটি স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (বিপণন অংগ)-এর আওতায় আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ আরিফ। কর্মশালাটি সঞ্চালনা করেন মার্কেটিং ফ্যাসিলিটেটর মো. জাকির হোসেন শিপন।
কর্মশালায় চন্দনাইশ নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম বেগমসহ স্থানীয় নারী-পুরুষ উদ্যোক্তারা অংশ নেন। উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে ছিলেন মো. জসীম, নারগিস, মোরিন, শাহানাজ, রোজি আক্তার, আবু তাহের, কাজী নুর, কে.এম. সৈকত, সিফাত সুলতানা হ্যাপী প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, সরকারি প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ইতোমধ্যে বিভিন্ন কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে সক্ষম হয়েছেন। অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, তারা বর্তমানে আমের আচার, চাটনি, টমেটো সস, বরইয়ের আচারসহ নানা পণ্য উৎপাদন ও প্যাকেজিং করে স্থানীয় বাজারে বিক্রি করছেন।
তারা আরও জানান, সরকারি আর্থিক সহায়তা এবং পণ্যের বিএসটিআই অনুমোদন পেলে তাদের ব্যবসা আরও সম্প্রসারণ সম্ভব হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।