মোঃ আলমগীর হোসাইন
ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম
বিএনপির ঘোষিত ‘জুলাই সনদ’-এর বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে কুড়িগ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সোমবার (১৮ মে) সকালে কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিপণিবিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে জুলাই সনদের লিফলেট তুলে দেন এবং এর বিভিন্ন দিক সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, বিএনপির ঘোষিত জুলাই সনদ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট অঙ্গীকার। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতেই মাঠপর্যায়ে এ ধরনের প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হীরক, সহ-সভাপতি সিফাত রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব, দপ্তর সম্পাদক অর্ঘ্য সাহা দীপ ও প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম স্বাধীনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়াও সরকারি কলেজ, মজিদা কলেজ ও পলিটেকনিক ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।