মো. আল আমিন, কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঈদ বোনাসের দাবিতে উপজেলা শিক্ষা অফিসের সামনে ৬ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরা। তবে দীর্ঘ সময় অপেক্ষা ও দাবি আদায়ের চেষ্টা করেও কোনো আশ্বাস না পেয়ে অশ্রুসিক্ত অবস্থায় বাড়ি ফিরেছেন তারা।
রোববার (২৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত “দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কল্যাণ সমিতি”-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৪টি বিদ্যালয়ের দপ্তরীরা অংশ নেন।
দপ্তরীদের দাবি, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে মাসিক বেতনের অর্ধেক পরিমাণ ঈদ বোনাস এবং ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রদানের নির্দেশনা থাকলেও তারা এখনো কোনো ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
সমিতির সভাপতি ও বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মো. মিজানুর রহমান বলেন, “কুমিল্লার কয়েকটি উপজেলায় দপ্তরীরা ঈদ বোনাস পেয়েছেন। কিন্তু দেবিদ্বারে ২০১৯ সালের একটি পরিপত্র দেখিয়ে আমাদের বোনাস আটকে রাখা হয়েছে।”
এ সময় কয়েকজন দপ্তরী আবেগাপ্লুত হয়ে তাদের আর্থিক কষ্টের কথা তুলে ধরেন। তারা জানান, সামান্য বেতনে সংসার চালিয়ে সন্তানদের ঈদের নতুন পোশাক কিনে দেওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন বলেন, “দপ্তরীদের চাকরি চুক্তিভিত্তিক হওয়ায় ২০১৯ সালের পরিপত্র অনুযায়ী ভাতা বা বোনাসের সুযোগ নেই। ২০২৫ সালের যে পরিপত্রের কথা বলা হচ্ছে, সেটি আমার কাছে পৌঁছেনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি শিক্ষা অধিদপ্তরের। অন্যান্য উপজেলায় বোনাস প্রদানের তথ্য পাওয়ার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে কথা বলা সম্ভব হয়নি।”
দীর্ঘ ৬ ঘণ্টার অবস্থান কর্মসূচির পরও কোনো সমাধান না হওয়ায় হতাশা ও ক্ষোভ নিয়ে বাড়ি ফিরেছেন দপ্তরীরা।