মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে মাদক লুকিয়ে পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট।
শনিবার (২৩ মে) ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচাকাটা থানাধীন তালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে অভিনব উপায়ে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক সুজন মিয়া শোভার কুঠি এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম শামসুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে সিলিন্ডারের ভেতরে গোপনে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে সিলিন্ডার কেটে মাদকগুলো উদ্ধার করে পুলিশ।
এদিকে একই দিনে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে নৌকাযোগে আসা মোন্নাফ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোন্নাফ পুলিশকে জানান, তিনি নারায়ণপুর ইউনিয়নের কথিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ভাষার পক্ষে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের কাজ করে আসছিলেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।