মোঃ সুজন মাহমুদ, ক্রাইম রিপোর্টার
নাটোর-রাজশাহী মহাসড়কে গভীর রাতে র্যাবের বিশেষ চেকপোস্ট অভিযানে যাত্রীবেশে মাদক পাচারের সময় ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৫, রাজশাহী। নাটোর-রাজশাহী মহাসড়কের হোটেল নিউ আবাসিকের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী “দেশ ট্রাভেলস” বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে যাত্রীবেশে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭৮ বোতল ফেন্সিডিল (এস্কাফ ও ফেয়ারডিল) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন— মোঃ অলিউল জীবন (২০) ও মোঃ টিপু সুলতান (৪০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা যাত্রীবেশে পরিবহন ব্যবহার করত।
র্যাব-৫ আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আন্তঃজেলা মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।