ক্রাইম রিপোর্টার | খুলনা জেলা
খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম গাজি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মুসল্লিরা কৈয়া বাজার এলাকার বাইতুল মা’মুর জামে মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদের বারান্দায় রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা হরিণটানা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ইটও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “স্থানীয়রা সকালে নামাজে এসে মসজিদের বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।