ক্রাইম রিপোর্টার খুলনা জেলা | এস, কে, রাজু আহম্মেদ
খুলনার কয়রায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় আহত হয়েছেন নিহতের স্ত্রী। রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা (৩৭) স্থানীয় গিলাবাড়ি বাজারের একজন ওষুধ ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রাতের কোনো এক সময় সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠলে দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বামীকে রক্ষা করতে গেলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, কয়রায় সাম্প্রতিক সময়ে সিঁধ কেটে চুরি ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, রাতের টহল জোরদারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।