মো.আল আমিন, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী রেহেনা আক্তার শ্বশুর মিন্নত আলী, শাশুড়ি রিজিয়া বেগম ও ননদ বেলী আক্তারের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।
অভিযোগে রেহেনা আক্তার বলেন, গভীর রাতে ঘরে আগুন লাগার পর আনিসুর রহমান গুরুতর দগ্ধ হন। তাকে ঘর থেকে বের করা হলেও দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি। বরং চিকিৎসার ব্যবস্থা না করে ঘরেই ফেলে রাখা হয়। পরিবারের সদস্যদের অবহেলা ও উদাসীনতার কারণেই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে তিনি বাবার বাড়ি থেকে ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে প্রায়ই ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখতেন। বুধবার গভীর রাতে তার শোবার ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দি থাকায় আনিসুর দ্রুত বের হতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে আনিসুর রহমানের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর দগ্ধ অবস্থায় আনিসুরকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা মিন্নত আলীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে পাঠানো