খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার তিন মাথার মোড়ে দুর্বৃত্তদের গুলিতে আলী নূর ডাবলু (৫০) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৭ মে) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মেহেদী আয়রন স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আলী নূর ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং মৃত ইতিম আলীর ছেলে।
আহত ডাবলু জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা ৬ থেকে ৮ জন দুষ্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তাকে লক্ষ্য করে অন্তত ৪ রাউন্ড গুলি ছোড়ে। এসময় গুলি তার বাম হাতের মাসল, কনুই ও শরীরের বিভিন্ন স্থানে লাগে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর পশ্চিম বানিয়াখামার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে এমন গুলি হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে হামলার প্রকৃত কারণ কিংবা জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।