লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলের পিছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সজীব কর্মকার (২৫)। তিনি লালপুর উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পিছনের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে সজীবের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।