ক্রাইম রিপোর্টার | খুলনা
খুলনা নগরীর রেলওয়ে নিউ কলোনী এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার আলী আহমেদ ফারাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। সেদিন রাতে তিনি তার বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। অতীতেও এ ধরনের ঘটনা ঘটায় পরিবার প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি।
রোববার সকালে পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে ঘরের সামনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।